কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জনসমাগম শুরু হয়েছে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে কলেজ মাঠে আসতে থাকেন।
জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন। তাঁর আগমন উপলক্ষে মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মাঠে প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।
দলীয় নেতারা জানান, এই সমাবেশের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক দিকনির্দেশনা তুলে ধরবেন জামায়াত আমির। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তারা আশাবাদী।
সমাবেশ শুরুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের ঢল অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।