আজ
|| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দলের সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মতামতের ভিত্তিতে প্রণীত এই ইশতেহারে মোট ২৬টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এর মধ্যে ৫টি ‘হ্যাঁ’ এবং ৫টি ‘না’ অন্তর্ভুক্ত রয়েছে।
‘হ্যাঁ’-এর অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে— সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান।

অন্যদিকে ‘না’-এর তালিকায় রয়েছে— দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি।
এছাড়া ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন রাষ্ট্র গঠন, ইনসাফ ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের প্রতিশ্রুতির কথাও ইশতেহারে তুলে ধরা হয়।
Copyright © 2026 Prothom Tv. All rights reserved.