আজ কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষার্থীদের বহুল আলোচিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকে শিক্ষার্থীরা দলে দলে শাপলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা প্রধান সড়কে অবস্থান নিলে কুড়িগ্রাম শাপলা চত্বর এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়—
“কারিগরি শিক্ষার অধিকার চাই”,
“১০ম গ্রেড আমাদের ন্যায্য দাবি”,
“বৈষম্য নয়, সমতা চাই” ইত্যাদি।
শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।