কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী স্কুল মোড় এলাকায় গত দুই সপ্তাহ ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। পাগলা কুকুরের কামড়ে গত দুই সপ্তাহে স্কুল শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ২০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এতে ওই এলাকার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার কোমলমতি শিক্ষার্থীর নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেওয়াশী স্কুল মোড় এলাকায় বেশ কিছু কুকুর হঠাৎ হিংস্র হয়ে উঠেছে। গত কয়েক দিনে স্কুলে যাওয়ার পথে এবং বাজার এলাকায় কুকুরগুলো অতর্কিতভাবে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। আক্রান্তদের স্থানীয়ভাবে এবং নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরের এই তাণ্ডবে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
নেওয়াশী স্কুল মোড় এলাকায় অবস্থিত ৪টি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে। বর্তমানে শিক্ষার্থীরা একা স্কুলে যেতে ভয় পাচ্ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন, অথবা লাঠি হাতে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন।
স্থানীয় এক অভিভাবক জানান, “দুই সপ্তাহের মধ্যে ২০ জনের বেশি মানুষকে কামড় দিয়েছে। স্কুল মোড় দিয়ে যাওয়া এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা ভয়ে কান্নাকাটি করছে, আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”
এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন। অনতিবিলম্বে কুকুরগুলোকে অপসারণ বা যথাযথ প্রতিষেধক/ভ্যাকসিনেশনের আওতায় এনে এলাকাটি নিরাপদ করার দাবি জানানো হয়েছে।